রংপুরের মিঠাপুকুর উপজেলার ১১নং বড়বালা ইউনিয়নের একডালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোড় সংলগ্ন একটি মুদি দোকানে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিবাগত রাতে ছড়ান বাজার টু কেশবপুর রোডের পাশে অবস্থিত ওই দোকানে এ চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী দোকান মালিক মোঃ জিম্মা হোসেন জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে তিনি দোকান বন্ধ করে বাড়ি যান। গভীর রাতে দুর্বৃত্তরা দোকানের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। চোরচক্র দোকান থেকে বিভিন্ন প্রকার দামী মুদি মালামাল, খাদ্যদ্রব্য এবং ক্যাশ বাক্সে থাকা নগদ টাকা লুট করে নিয়ে যায়।
সরেজমিনে দেখা যায়, দোকানের তাকগুলো প্রায় শূন্য পড়ে আছে। দোকান মালিকের দাবি, চুরি হওয়া মালামাল ও নগদ টাকাসহ তাঁর প্রায় এক লক্ষ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। সকালে স্থানীয়রা দোকানের তালা ভাঙা দেখে জিম্মা হোসেনকে খবর দিলে চুরির বিষয়টি জানাজানি হয়।
এলাকাবাসীরা জানান, জনবহুল সড়কের মোড়ে এমন চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাঁরা দ্রুত চোরচক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন