অনলাইনে প্রেমের টানে সুদূর চীন থেকে রংপুরের মিঠাপুকুরে এসে বিয়ে করলেন চীনা যুবক!



ভৌগোলিক সীমানা আর ভাষার দেয়াল কোনোটিই বাধা হতে পারেনি তাদের প্রেমে। মাত্র ৪৮ দিনের অনলাইন পরিচয়ের সূত্র ধরে সুদূর চীন থেকে রংপুরের মিঠাপুকুর উপজেলায় ছুটে এসেছেন এক চীনা যুবক। নিজের পছন্দের মানুষকে জীবনসঙ্গিনী করতে কোনো দ্বিধা করেননি তিনি। দুই পরিবারের সম্মতিতে জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এই আন্তর্জাতিক বিয়ে।

উপজেলার ১০নং বালুয়া মাসিমপুর ইউনিয়নের হামিদপুর এলাকার বাসিন্দা তৌহিদুল ইসলামের মেয়ে আনিকা আক্তারের সঙ্গে অনলাইনের মাধ্যমে পরিচয় হয় ওই চীনা যুবকের।  যুবকের নাম "মা লিয়াংহুই,  পরিচয়ের অল্প সময়ের মধ্যেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ভালোবাসার টানে গত ৪-৫ দিন আগে ওই যুবক আনিকার গ্রামের বাড়িতে এসে পৌঁছান।

বিদেশি বর আসার খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা প্রতিদিন ওই বাড়িতে ভিড় জমাচ্ছেন। বিষয়টি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। যদিও স্থানীয়দের মধ্যে কারো কারো মনে প্রশ্ন জেগেছে যুবকের পরিচয় নিয়ে। 

পারিবারিক সূত্রে জানা গেছে, আনিকা আক্তার ও "মা লিয়াংহুই-এর এই বিয়েতে দুই পরিবারেরই পূর্ণ সমর্থন ছিল। সামাজিক ও ধর্মীয় রীতি মেনে তাদের বিয়ের কাজ সম্পন্ন হয়। বিদেশি যুবককে জামাই হিসেবে পেয়ে আনিকার পরিবারও আনন্দিত।

Post a Comment

নবীনতর পূর্বতন