রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার শুকরেরহাট এলাকায় এক অসহায় পরিবারের মুখে হাসি ফুটিয়েছে সেবামূলক সংগঠন ‘জয় হোক মানবতার ফাউন্ডেশন’। দীর্ঘদিন ধরে অর্থাভাবে বন্ধপ্রায় একটি দোকান সচল করার লক্ষ্যে প্রয়োজনীয় মালামাল ও সরঞ্জামাদি প্রদান করে পরিবারটিকে স্বাবলম্বী হওয়ার সুযোগ করে দিয়েছে সংগঠনটি।
ফাউন্ডেশন সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট পরিবারটি একটি ছোট দোকান ঘর থাকলেও পুঁজির অভাবে দীর্ঘদিন ধরে মালামাল তুলতে পারছিলেন না। ফলে পরিবারটির আয়ের পথ রুদ্ধ হয়ে পড়েছিল। বিষয়টি ‘জয় হোক মানবতার ফাউন্ডেশন’-এর নজরে এলে তারা তড়িৎ ব্যবস্থা গ্রহণ করে এবং দোকানটিতে নতুন করে মালামাল উঠিয়ে দিয়ে ব্যবসার পথ সুগম করে দেয়।
এ বিষয়ে ফাউন্ডেশনের পরিচালক জনাব মোঃ মামুন মিয়া বলেন,
“এটি শুধুমাত্র একটি দোকান নয়—এটি একটি পরিবারের নতুন স্বপ্ন এবং আগামীর আশার আলো। আমরা চাই প্রতিটি অবহেলিত মানুষ নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ পাক। মিঠাপুকুরসহ গোটা বাংলাদেশের অসহায় মানুষের কল্যাণে আমাদের এই স্বাবলম্বী করার উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, ‘জয় হোক মানবতার ফাউন্ডেশন’ একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও সেবামূলক সংগঠন। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি আর্তমানবতার সেবা এবং সামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। স্থানীয় সচেতন মহল সংগঠনটির এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন।
উদ্যোক্তারা সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসুন আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে মানবতার পাশে দাঁড়াই এবং একটি সুন্দর ও বৈষম্যহীন সমাজ গড়ে তুলি।
Chharan news24 - ছড়ান নিউজ২৪

একটি মন্তব্য পোস্ট করুন